মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় র্যাবের করা হত্যা ও অস্ত্র মামলায় ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ হেলাল উদ্দিন (৪২)কে জেলহাজতে পাঠানো হয়েছে।
রবিবার (৫ ডিসেম্বর) তিনি ওই মামলায় জামিন চাইতে গেলে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, ২০২০ সালে ফাঁশিয়াখালী ভেন্ডি বাজার এলাকায় র্যাবের একটি দল ইয়াবা কারবারিদের ধরতে গেলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের উপর হামলা চালানোর ঘটনায় দুটি মামলা হয়। এসব মামলায় হেলাল উদ্দিন আসামি ছিলেন। মামলা দু’টির চার্জশীর্টও প্রদান করে পুলিশ।
চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী এডভোকেট লুৎফর কবির জানান, হেলাল উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া থানার জিআর ১৯২/২০ ও জিআর ১৯৪/২০ দু’টি মামলায় ওয়ারেন্ট ছিল। রবিবার সকালে জামিন চাইতে গেলে আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে।
উল্লেখ্য, চতুর্থ দফায় ইউপি নির্বাচনে চকরিয়ার ৮ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোহাম্মদ হেলাল উদ্দিন ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী।






