নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে চাঁদা আদায়ে বাধা দেওয়ায় এক বিএনপি নেতার বাড়িতে রাতের আঁধারে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
রবিবার গভীর রাতে সাবেক ওর্য়াড বিএনপির সভাপতি মহিন উদ্দিনের বাড়িতে এ হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়ান্নই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ির দরজায় মহিন উদ্দিনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মহিন উদ্দিনের স্ত্রী আসমা বেগম জানান, সম্প্রতি সন্ত্রাসীরা তাদের পাশের বাড়ির আরিফের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এ সময় মহিন উদ্দিন চাঁদা দাবির তীব্র প্রতিবাদ ও বাধা প্রদান করেন।
এ ঘটনার জের ধরে সন্ত্রাসীরা প্রথমে মহিন উদ্দিনের সন্তানকে অপহরণ করে। পরবর্তীতে পুলিশের সহায়তায় সন্তানকে উদ্ধার করা হলেও সন্ত্রাসীদের হুমকি থামেনি।
এরই ধারাবাহিকতায় রাতে স্থানীয় সন্ত্রাসী আরজু, বিপ্লব ও আসিফের নেতৃত্বে ৩০- ৪০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহিন উদ্দিনের বাড়িতে হানা দেয়। সন্ত্রাসীরা পুরো বাড়ি ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালায়। ঘরের ভেতরের মূল্যবান আসবাবপত্র চুরমার করে দেওয়া হয়।
আসমা বেগম অভিযোগ করে বলেন, “সন্ত্রাসীরা ঘরে ঢুকে চালের ড্রামের ভিতর থেকে ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
মহিন উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী গ্রুপ চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। রাতের আঁধারে আমার পরিবারে উপর আরজু, বিপ্লব, আসিফসহ কয়েকজন সন্ত্রাসী হামলা চালায় তারা এখনো হুমকি দিয়ে যাচ্ছে। যে কোন মুহূর্তে আবার হামলা চালাবে এ অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় আছি। আপনাদের মাধ্যমে সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।