আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মতিয়ার মন্ডল নামের এক মাদক ব্যাবসায়ীর ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২শ’ ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এ সাজা দেয়া হয়।
সাজাপ্রাপ্ত মতিয়ার মন্ডল (৬৮) সদর উপজেলার যাদবপুর মাস্টারপাড়ার মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে।
মঙ্গলবার সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মঙ্গলবার বেলা ১২ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর থানার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় সদর উপজেলার যাদবপুর গ্রামের মতিয়ার মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে ২শ’ ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতিয়ার মন্ডলকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।






