নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে উত্থান ফিরেছে পুঁজিবাজারে। সপ্তাহটিতে পুঁজিবাজারে সব সূচক বেড়েছে। একই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। এ সময় ডিএসইর বাজার মূলধন ৮ হাজার কোটি টাকা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া যায়।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৭ হাজার ১৮২ কোটি ১৮ লাখ ১ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ২৫ হাজার ২৭১ কোটি ৮২ লাখ ১৪ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৮ হাজার ৮৯ কোটি ৬৪ লাখ ১৩ হাজার টাকা বাজার মূলধন ফিরেছে।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ হাজার ৭০৬ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার ৯০৯ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬ হাজার ৪১০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৩৮৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৯৫ কোটি ৭৮ লাখ ৫২১ টাকা বা ৫ শতাংশ বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৪.৫৯ পয়েন্ট বা ১.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৭.৩৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭.৮১ পয়েন্ট বা ১.৩৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৬.৬৯ পয়েন্ট বা ১.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়ে যথাক্রমে ১ হাজার ৩৫৯.৩৬ পয়েন্ট এবং ২ হাজার ২৭৪.৯১ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬৭টির বা ৭০.৮২ শতাংশের, কমেছে ৯৪টির বা ২৪.৯৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির বা ৪.২৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর।






