
ইউনাইটেড নিউজ ডেস্ক:দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমণে আবারও সর্বোচ্চ মৃত্যু ও সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) করোনায় ২৩০ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৭৪ জন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে একদিনে সর্বোচ্চ ২১২ জনের মৃত্যুর তথ্য ছিল গত ৯ জুলাই। আর একদিনে সর্বোচ্চ ১১ হাজার ৬৫১ জন রোগী শনাক্তের খবর এসেছিল ৮ জুলাই।
গত ২৪ ঘণ্টায় মোট ৪০ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৬৭ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিল ৮ হাজার ৭৭২ জন। মৃত্যু হয়েছিল ১৮৫ জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৪৬ শতাংশ।