নিজস্ব প্রতিবেদক : দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যওয়ার কারণে আগামীকাল বুধবার (১৯ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়ালি উপস্থিতির মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালিত হবে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত পৃথক স্মারক দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
স্মারকে বলা হয়, করোনা সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতিতে আগামী ১৯ জানুয়ারি বুধবার থেকে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং এতদসংক্রান্তে জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুসরণ করত তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।
এর আগে সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ফের ভার্চুয়ালি হবে সব বিচারকাজ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বসার পর তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, চারিদিকে যেভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে ভার্চুয়ালি যেতে হবে।
এসময় তিনি আরও বলেন, হাইকোর্ট বিভাগের ১৩ বিচারপতি করোনা আক্রান্ত। আক্রান্ত সুপ্রিম কোর্টের অনেক স্টাফ। এমন পরিস্থিতিতে কোর্টের কার্যক্রম চালানো কঠিন হয়ে যাবে। সেই সাথে নিম্ন আদালতের অনেক বিচারকও করোনায়। আক্রান্ত এমন অবস্থায় কোর্ট চালানো কঠিন হয়ে পড়বে।
এসময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বলেন, অ্যাটর্নি জেনারেল ও অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেলও করোনায় আক্রান্ত হয়েছেন।