লিয়াকত হোসেন, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর কাটাখালী পৌরসভার বরখাস্তকৃত মেয়র আব্বাস আলির ৪১ জন ক্যাডার এখনো সন্ত্রাসী কার্যকলাপে সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। কারাগারে থেকেও এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি তিনি অব্যাহত রেখেছেন। এগুলো করতেই এবং ক্ষমতাকে পাকপোক্ত করে রাখতে তিনি সন্ত্রাসী ক্যাডার বাহিনী গড়ে তুলেছিলেন। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়ে এখণ তিনি কারাগারে আছেন। আব্বাসের ক্যাডার বাহিনীর সদস্যদের গ্রেফতারে এলাকাবাসী প্রশাসনে লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।
আব্বাসের সশস্ত্র ৪১ ক্যাডারের নাম-ঠিকানাসহ পূর্ণাঙ্গ তথ্য উল্লেখ করে মঙ্গলবার জেলা প্রশাসক ও রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের নিকট অভিযোগ করেছন ভুক্তভোগি ও এলাকাবাসী। এতে ক্যাডারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আবেদন জানানো হয়েছে। এসব ক্যাডারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও এলাকাবাসী অভিযোগ করেছেন। এলাকাবাসীর পক্ষে আব্দুল আউয়াল অভিযোগ দিয়েছেন বলে সূত্র থেকে জানা যায়। অথচ তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন ভয়ে কেউ মুখ খুলতে পারতেন না। একাধিক অপরাধ করলেও ভয়ে সবাই নিশ্চুপ থাকতেন। তারা এতটাই ক্ষমতাধর।
অভিযোগপত্র থেকে জানা যায়- আব্বাসের মাদক সিন্ডিকেট, চাঁদাবাজি ও দখলবাজির নেতৃত্বে রয়েছে তার তিন ভাই আসের আলি, শামীম আলি ও সুমন আলি এবং চাচা দুলাল আলি। তাদের মধ্যে আসের আলি আওয়ামী লীগ নেতা আবু বাক্কার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। উচ্চ আদালত থেকে তিনি জামিনে আছেন। আব্বাসের অন্যতম ক্যাডার মোখলেসুর রহমান দুলালকে সম্প্রতি পুলিশ গ্রেফতার করেছে। তবে অন্য ক্যাডাররা আগের মতোই মোটরসাইকেলে মহল্লায় মহল্লায় টহলদারি করছে। কে কোথায় ঘরবাড়ি বানাচ্ছে সেসব সম্পর্কে জেনে তারা দল বেঁধে চাঁদা আদায় করছে। এ ছাড়া বালুর ট্রাকপ্রতি ৪৫০ টাকা করে চাঁদা তুলছে ক্যাডাররা।
আব্বাসের ক্যাডার বাহিনীর সদস্যদের মধ্যে রয়েছে- চক বেলঘরিয়ার বাবু মেম্বর, সাগর আলি, সোহাগ আলি, রুবেল হোসেন, লিটন হোসেন, মামুন, জুয়েল, সোহান আলি, সুজন আলি, মুস্তাকুল হোসেন, সোহেল রানা, হাসান আলি, টুয়েল হোসেন, বাখরাবাজের জয়, গিয়াস উদ্দিন, মিলন আলি, মনিরুল হক মনি, শুভ, পিয়াল হোসেন, আব্দুল আজাদ, দিলবর আলী, জমসেদ কসাই, হরিয়ানের বিপ্লব হোসেন, রিদয় হোসেন, মারুফ হোসেন, রবিন আলি, হৃদয় আলি, আব্বাস হোসেন কালু, শ্যামপুরের আল মামুন, দেওয়ানপাড়ার রুবেল হোসেন, চিনিকল বাজারের রাজু আহম্মেদ, উজ্জ্বল হোসেন, মৃধাপাড়ার রেজাউল হোসেন রেজা, তুষার আহম্মেদ ও আলমগীর হোসেন।
এলাকাবাসীর অভিযোগ- কাঁটাখালীতে ঘরবাড়িঘর বানাতে গেলেই আব্বাসের ক্যাডারদের মোটা অঙ্কের টাকা চাঁদা দিতে হয়। আব্বাস জেলে থাকলেও তার ক্যাডাররা আগের মতোই ভবন মালিকদের কাছে গিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে পরিণতি ভয়াবহ হবে বলেও তারা হুমকি দিচ্ছে।