কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ জুন ২০২৬) দুপুর ১টা ৫০ মিনিটে কর্ণফুলী উপজেলার কালারপোল এলাকায় পরিচালিত এক মোবাইল কোর্ট অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন।
অভিযানকালে কালারপোলস্থ ‘ছমির এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে সরকার অনুমোদন ব্যতীত মাছের খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট মোঃ নাছির উদ্দিন (২৮), পিতা-মৃত আমিন শরীফ, সাং-কালারপোল, কর্ণফুলী, চট্টগ্রামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বার্থে এবং খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে আইনানুগ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনায় কর্ণফুলী থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।