এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
বয়সে ছোট হলেও জীবনের সঙ্গে বড় এক লড়াই চালিয়ে যাচ্ছে ঠাকুরগাঁও সদর উপজেলার ১ নম্বর গড়েয়া ইউনিয়নের চকহলদি গ্রামের শিশু মাসুদ হাসান। জটিল রোগে আক্রান্ত এই শিশুর দিন কাটছে অসুস্থতা, কষ্ট আর অনিশ্চয়তার মধ্যে। অন্য শিশুদের মতো স্কুলে যাওয়া, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করা কিংবা স্বাভাবিকভাবে বেড়ে ওঠার স্বপ্ন এখন তার কাছে অনেকটাই দূরের।
মাসুদের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে ছেলেটির চিকিৎসা চলছে। স্থানীয় পর্যায়ে চিকিৎসা করানোর পাশাপাশি বিভিন্ন হাসপাতালেও নেওয়া হয়েছে তাকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসা ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলেও অর্থের অভাবে তা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
শিশুটির বাবা মুন্ছুর আলী বলেন, “আমার ছেলেকে বাঁচানোর জন্য যা ছিল সবই খরচ করেছি। এখন আর চিকিৎসার খরচ চালানোর সামর্থ্য নেই। সমাজের হৃদয়বান মানুষ যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো আমার সন্তান সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।”
মা বিলকিস বেগমের চোখেও একই আকুতি। তিনি বলেন, “আমার ছেলে অন্য বাচ্চাদের মতো দৌড়াবে, খেলবে, স্কুলে যাবে—এটাই আমাদের স্বপ্ন। কিন্তু টাকার অভাবে সেই স্বপ্ন যেন ভেঙে যাচ্ছে। আমরা সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই।”
স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল। সন্তানের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। তাদের বিশ্বাস, সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এলে শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে।
একটি শিশুর মুখে আবারও হাসি ফোটাতে এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সবার সহযোগিতা কামনা করেছেন তার বাবা-মা।
সহায়তা পাঠানোর ঠিকানা
নগদ: ০১৯৯২২০৬৬৩৬
বিকাশ: ০১৭৬১০৩৩৫৮১
মানবিক সহায়তার একটি ছোট উদ্যোগই হতে পারে শিশু মাসুদ হাসানের নতুন জীবনের আশার আলো।