এম বেলাল উদ্দিন, রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে দু-দিনের ব্যবধানে আরো এক শিশুর মৃত্যু হয়েছে পুকুরে পড়ে। এবার মারা গেলেন মো. মেশকাত (৫)। সে প্রবাস ফেরত সিএনজি চালক আমান উল্লাহর একমাত্র ছেলে। সোমবার (১৬ আগষ্ট) রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকার সৈয়দ আলী মেম্বারের বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পুকুরে পড়ে যায়। প্রায় ৩০ মিনিট পর তার মা ছেলের খোঁজ করলে বাড়ির পুকুর ঘাটের পাশে মেশকাতের জুতা ভাসতে দেখে। এরপর তাকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। প্রতিবেশিরা শিশুটিকে উদ্ধার করে সুলতানপুর স্বাস্থ্য হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এদিকে গত শনিবার (১৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পুকুরের পানিতে ডুবে মো. আনাস নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছিল। সে ৭নং রাউজান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুরা মিয়া চৌধুরীর বাড়ির প্রবাসী নেজাম উদ্দিনের ছেলে।
এর আগে গত ২২ জুলাই রাউজানে একই ইউনিয়নে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছিল। মারা যাওয়া ওই দুই বোনের নাম আনিসা ও সকিবা। তাদের দুজনের বয়সও আনুমানিক ৬ বছর। সম্পর্কে তারা আপন চাচাতো-জেঠাতো বোন। রাউজান সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব রাউজান গাজীপাড়া গুরা মিয়া চৌধুরী বাড়ীতে এ মর্মান্তিক ঘটনা ঘটেছিল।
এর আগে গত ১৭ জুলাই রাউজানে পুকুরে ডুবে ৩ বছর বয়সী আরভী নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই দিন বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আক্কাস আলির বাড়িতে এ ঘটনা ঘটেছিল। আরভী দুবাই প্রবাসী শাহেদ এর পুত্র।