আন্তর্জাতিক ডেস্ক
নবায়নযোগ্য উৎস থেকে বিশ্বের বাকি সব দেশের তুলনায় প্রায় দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা চীনের। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
চীনে বর্তমানে ১৫৯ গিগাওয়াট বায়ু এবং ১৮০ গিগাওয়াট সৌরশক্তি উৎপাদন প্রকল্প নির্মাণাধীন রয়েছে। প্রকল্পগুলো উৎপাদনে আসলে মোট ৩৩৯ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন হবে চীনে।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও গ্লোবাল এনার্জি মনিটরের সমীক্ষা অনুসারে, চীনের এই উৎপাদন বিশ্বের বাকি সব দেশের সম্মিলিত উৎপাদনের প্রায় দ্বিগুণ।
এই সংখ্যাটি দ্বিতীয় অবস্থানে থাকা দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক বড় ব্যবধানে ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র বর্তমানে মাত্র ৪০ গিগাওয়াট নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করে থাকে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন বিশ্বের সবচেয়ে বেশি গ্রিন হাউজ নির্গমনকারী দেশ। তাই তাদের উপর গ্রিন হাউজ গ্যাস নির্গমন কমানোর চাপ বেশি। তবে দেশটির নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের এই গতি তাদের উপর বেধে দেওয়া লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যাচ্ছে। চীনের ক্রমবর্ধমান নবায়নযোগ্য ক্ষমতা কয়লার উপর নির্ভরশীলতা কমিয়ে আনছে।
অপর এক জরিপে দেখা গেছে, চলতি মে মাসে চীন তার বিদ্যুতের ৫৩ শতাংশ চাহিদা পূরণ করেছে কয়লা থেকে। যা দেশটির জন্য একটি রেকর্ড। ২০২৩ সালের মে মাসে এই হার ছিল ৬০ শতাংশ।
সারাবাংলা/আইই