মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

ভূঞাপুর স্কুল রোডের দোকান-পাট উচ্ছেদ করে ২৬ বছর পর বিবিএ জায়গা উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০২ সময় দেখুন
ভূঞাপুর স্কুল রোডের দোকান-পাট উচ্ছেদ করে ২৬ বছর পর বিবিএ জায়গা উদ্ধার

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুর গোবিন্দাসী স্কুল রোডে যানবাহন চলাচলের রাস্তা ও বিবিএ’র জায়গা দখল করে অস্থায়ী দোকানপাট নির্মাণের অভিযোগে উচ্ছেদ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)সকালে উপজেলার গোবিন্দাসী স্কুল রোড এলাকায় ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন। উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও সেতু কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করেন।

যে সকল দোকানপাট গুলো উচ্ছেদ করেন তার মধ্যে রয়েছে মুদি দোকান , স্টেশনারি, ফার্মেসী, ফলের দোকান, লাইব্রেরী, টেলিকমের দোকান, ডেন্টাল এর দোকান, হোটেল,, মাংস ও ফল এর দোকান ছিলো।

জানা যায়, দীর্ঘদিন ধরে এসব স্থাপনার কারণে রাস্তা সংকীর্ণ হয়ে যায়। ফলে জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। পথচারী ও শিক্ষার্থীরাও পড়তেন বিপাকে।গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের রাস্তার দুই পাশে অবৈধ দোকানপাটের কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন এলাকাবাসী। স্কুলগামী ছাত্রীদের প্রায়ই উত্ত্যক্তের শিকার হতে হতো।

এছাড়া অবৈধ দোকানগুলো যানজট সৃষ্টি করে জনদুর্ভোগের সৃষ্টি করতো। প্রায় ২৬ বছর ধরে স্থানীয়রা ওই সড়কের দুই পাশে ‘বিবিএ’ এর জমি দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল।

উপজেলা প্রশাসন ও সেতু কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলেও তা মানা হয়নি। শেষ পর্যন্ত প্রশাসন কঠোর অবস্থান নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সকল স্থাপনা গুড়িয়ে দেয়।

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন বলেন, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলোতে বখাটে ছেলেরা নিয়মিত আড্ডা দিত।

ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ পেয়েছি বেশ কয়েকবার। অনেকে সরকারি জায়গা অবৈধভাবে ভাড়া দিয়ে মালিক সেজেছিল।

তিনি আরো বলেন- আইন অমান্য করে কেউ সরকারি জমি দখল করতে পারবে না। জনস্বার্থে এ অভিযান চালানো হয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর