ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষা ২০২৫-এর পুনঃনিরীক্ষণের ফল ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি আবেদনকারীর দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।
শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবেন।
এ বছর সবচেয়ে বেশি খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এতে আবেদন করেছেন ৬৬ হাজার ১৫০ জন পরীক্ষার্থী, মোট আবেদন পড়েছে ১ লাখ ৩৬ হাজার ৫০৬টি খাতা।
বরিশাল শিক্ষা বোর্ডে সবচেয়ে কম আবেদন পড়েছে—৮ হাজার ১১১ জন পরীক্ষার্থী মোট ১৭ হাজার ৪৮৯টি খাতা চ্যালেঞ্জ করেছেন।
অন্যান্য বোর্ডে আবেদন সংখ্যা হচ্ছে—
কুমিল্লা: ২২,১৫০ পরীক্ষার্থী | ৪২,০৪৪ খাতা
রাজশাহী: ২০,৯২৪ পরীক্ষার্থী | ৩৬,২০৫ খাতা
যশোর: ২০,৩৯৫ পরীক্ষার্থী | ৩৬,২০৫ খাতা
চট্টগ্রাম: ২২,৫৯৫ পরীক্ষার্থী | ৪৬,১৪৮ খাতা
সিলেট: ১৩,০৪৪ পরীক্ষার্থী | ২৩,৮২০ খাতা
দিনাজপুর: ১৭,৩১৮ পরীক্ষার্থী | ২৯,২৯৭ খাতা
ময়মনসিংহ: ১৫,৫৯৮ পরীক্ষার্থী | ৩০,৭৩৬ খাতা
বিএম-ভোকেশনাল: ১২,০০৭ পরীক্ষার্থী | ১৫,৩৭৮ খাতা
আলিম: ৭,৯১৬ পরীক্ষার্থী | ১৪,৭৩৩ খাতা