কর্ণফুলী (চট্টগ্রম) সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে পুকুরে ডুবে মোহাম্মদ বিন মনির (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে ফকির ও মাওলানা আশরাফ আলীর বাড়ি সংলগ্ন কাললো বড়ো পুকুরে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ওই এলাকার প্রবাসী মো. মনিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে দুপুরে পুকুরে গোসল করতে নামে। সে সাঁতার জানত বলেও জানিয়েছেন স্থানীয়রা। তবে কীভাবে পানিতে তলিয়ে যায় তা নিশ্চিতভাবে জানা যায়নি।
মাহারা নামে অপর এক শিশুও পুকুরে পড়ে যায়।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে দুজনকেই পুকুর থেকে উদ্ধার করেন। মাহারা নামে মেয়েশিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও মোহাম্মদের অবস্থা ছিল আশঙ্কাজনক।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত প্রথমে সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যান, সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে তাকে পার্কভিউ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে এসেছে। এলাকায়ও বিরাজ করছে গভীর শোকের ছায়া। স্থানীয়দের দাবি, বসতবাড়ির
আশপাশের পুকুরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং শিশুদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক নজরদারি প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হয়।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর আলম বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় কোনো তথ্য দেয়া হয়নি। তবে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নাম: মোহাম্মদ সিরাজুল ইসলাম
মোবাইল: ০১৮৫৭-৪৩৬৬০০