এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং একটি সুন্দর, সুস্থ ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার ১ নম্বর গড়েয়া ইউনিয়নের মিলনপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সমাবেশ।
শনিবার (২৭ জুন) রাতে মিলনপুর এলাকায় সচেতন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এর কারণে বিপথগামী হচ্ছে তরুণ প্রজন্ম, বৃদ্ধি পাচ্ছে চুরি, ছিনতাই, পারিবারিক কলহসহ নানা সামাজিক অপরাধ। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন মাদকবিরোধী কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ (মাষ্টার), গড়েয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ত্বসারফ হোসেন স্বরণ, প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন রেনু, বিএনপির নেতা জুলফিকার আলী, ইয়াছিন আলী (মাস্টার), ওয়ার্ড সদস্য আব্দুর রউফ এবং ছাত্রদল নেতা শরিফ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশ শেষে উপস্থিত সবাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মাদকমুক্ত মিলনপুর ও গড়েয়া ইউনিয়ন গড়ে তুলতে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।