আন্তর্জাতিক ডেস্ক
এমআরএনএ পদ্ধতিতে তৈরি একটি এইচআইভি প্রতিরোধক ভ্যাকসিনের মানবদেহে পরীক্ষা শুরু হয়েছে। মার্কিন বায়োফার্মা কোম্পানি মডার্নার তৈরি ভ্যাকসিনটি এর আগে প্রাণিদেহে সাফল্য পেয়েছে। দীর্ঘ গবেষণার পর ৫৬ জন সুস্থ-সবল ব্যক্তির উপর প্রয়োগ করে এ ভ্যাকসিনের প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। বৃহস্পতিবার( ২৭ জানুয়ারি) এক বিবৃতিতে মডার্না এসব তথ্য জানিয়েছে।
চার দশক ধরে গবেষণা সত্ত্বেও বিজ্ঞানীরা এখনও এইডস সৃষ্টিকারী ভাইরাস এইচআইভি প্রতিরোধে কার্যকর ভ্যাকসিন তৈরি করতে পারেননি। তবে ভ্যাকসিন তৈরিতে এমআরএনএ পদ্ধতির সাম্প্রতিক সাফল্য বিজ্ঞানীদের আশাবাদী করে তুলেছে । সম্প্রতি করোনাভাইরাস প্রতিরোধী এমআরএনএ ভ্যাকসিনের সাফল্যের পর বিজ্ঞানীরা এইচআইভি ভ্যাকসিনের ক্ষেত্রেও বড় সাফল্যের আশা করছেন।
মডার্না জানিয়েছে, এইডস প্রতিরোধে তৈরি এ ভ্যাকসিন শরীরের বি লিম্ফোসাইটকে একটি বিশেষ ধরনের অ্যান্টিবডি উৎপাদনে প্রভাবিত করবে। এ বিশেষ অ্যান্টিবডি এইচআইভির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
বিবৃতিতে জানানো হয়, প্রথম ধাপের ট্রায়ালে অংশগ্রহণকারীদের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন অ্যান্ড হেলথ সায়েন্সে প্রথম ডোজ দেওয়া হয়েছে। পরে তাদের আরেকটি বুস্টার ডোজ দেওয়া হবে।
মডার্নার বিবৃতিতে বলা হয়, এইচআইভি ভ্যাকসিনের জন্য গবেষণা সময়সাপেক্ষ ও চ্যালেঞ্জিং। ভ্যাকসিন তৈরিতে এমআরএনএ পদ্ধতি নিয়ে অগ্রসর হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। নতুন এই ট্রায়াল একটি কার্যকর ভ্যাকসিন তৈরির পথ উন্মোচন করবে।
এইডসে আক্রান্ত হয়ে হাজারো মানুষের মৃত্যু হয়। বর্তমানে বিশ্বজুড়ে ৩ কোটি ৮০ লাখ মানুষ এইচআইভি আক্রান্ত। এ ভাইরাস প্রতিরোধে কার্যকর কোনো ওষুধ বা ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি। মডার্নার আশা, তাদের উদ্ভাবিত নতুন ভ্যাকসিন এইডস চিকিৎসা আমূল বদলে দেবে।
সারাবাংলা/আইই