আন্তর্জাতিক ডেস্ক
মরক্কোয় গভীর কুয়ার ভেতরে পড়ে যাওয়া ৫ বছর বয়সী শিশু রায়ানকে বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। উদ্ধার অভিযানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন বলেন জানিয়েছেন তারা। রায়ানের খুব কাছে পৌঁছে গেছেন উদ্ধারকর্মীরা।
চার দিন আগে গত মঙ্গলবার মরক্কোয় একটি নলকূপের গভীর কুয়ায় রায়ান নামের শিশুটি পড়ে যায়। শিশুটিকে উদ্ধারের জন্য সর্বশক্তি নিয়োগ করেছে কর্তৃপক্ষ। কুয়ার আশেপাশে জড়ো হয়েছেন হাজারো মানুষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, ১০৪ ফুট গভীর কুয়া থেকে শিশুটিকে উদ্ধারের প্রক্রিয়া বেশ জটিল। খুব সতর্কতার সঙ্গে চলছে উদ্ধার অভিযান। তবে শনিবার স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শিশুটির কাছাকাছি পৌঁছে গেছেন উদ্ধারকর্মীরা। ওর কাছ থেকে এখন তারা মাত্র ১.৮ মিটার (৬ ফুট) দূরে।
উদ্ধার অভিযানে সবচেয়ে বড় ভয় ভূমিধ্বসের। এ কারণে উদ্ধার প্রক্রিয়ার গতি ধীর। কুয়ার পাশে বলডোজার দিয়ে মাটি সরিয়ে একটি বড় গর্ত খোঁড়া হয়েছে। ওই গর্ত থেকে অনুভূমিকভাবে আরেকটি গর্ত খুড়ে শিশু রায়ানের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।
এর আগে শুক্রবার বিকেলে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া আবদেসালাম মাকৌদি বলেছিলেন, তিন দিন ধরেই অবিরাম কাজ করছি আমরা। ক্লান্তি নেমে আসলেও পুরো উদ্ধারকারী দল লেগে আছে। আমরা সেখানে প্রায় পৌঁছে গেছি।
মরক্কোর শেফচাওয়েন শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের ছোট্ট গ্রাম তামোরোতে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। মরক্কোর সিভিল প্রোটেকশন ডিরেক্টরেট উদ্ধার অভিযান পরিচালনা করছে।
ঘটনাস্থলের আশেপাশের সড়কে অসংখ্য গাড়ি দেখা গেছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। দূরদূরান্ত থেকে বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হয়েছেন। তারা উদ্ধারকর্মীদের বিভিন্নভাবে উদ্ধুদ্ধ রাখার চেষ্টা করছেন।
প্রাথমিকভাবে স্থানীয় স্বেচ্ছাসেবীরা কুয়ার ভেতর প্রবেশ করে রায়ানকে উদ্ধারের চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু কুয়াটি অত্যন্ত সরু হওয়ায় শিশু রায়ানের কাছে যাওয়া সম্ভব হয়নি। শিশুটি যাতে অক্সিজেনের অভাবে না ভোগে সে জন্য অক্সিজেন মাস্ক পাঠানো হয়েছে। এছাড়া পানি ও খাবার পাঠিয়ে তাকে জীবিত রাখার চেষ্টা করা হচ্ছে।
মরক্কোসহ আরব বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেভ রায়ান নামে হ্যাশটগ ছড়িয়ে পড়েছে। শিশু রায়ানের উদ্ধারের খবর শোনার অপেক্ষায় গোটা বিশ্ব।
সারাবাংলা/আইই