মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিপুণের আপিল শুনানি সোমবার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৩ সময় দেখুন
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিপুণের আপিল শুনানি সোমবার – Corporate Sangbad


কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিপুণ আক্তারের লিভ টু আপিলের শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ আজ এই আদেশ দেন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) আদালতে নিপুণের আবেদনটি শুনানির জন্য উঠলে তার আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন বলেন, আমরা হাইকোর্টের আদেশের কপি পেয়েছি। আজই লিভ টু আপিল (সি.পি) দায়ের করব। আগামীকাল শুনানি হলে ভাল হয়।

তখন আদালত বলেন, তাহলে আমরা আগামীকাল শুনব। এটা আপিল বিভাগের কার্যতালিকায় শুনানির এক নম্বরে থাকবে।
আদালতে নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। জায়েদ খানের পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, এডভোকেট আহসানুল করিম ও এডভোকেট নাহিদ সুলতানা যুথি।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার কোর্ট। একইসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থাও জারি করেন আদালত। এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আজকের দিন ধার্য ছিল।

এর আগে জায়েদ খানের করা রিটের শুনানি নিয়ে একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ চলচ্চিত্র শিল্পী সমিতির আপিল বোর্ডের দেয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে ৭ ফেব্রুয়ারি আদেশ দেন। এছাড়া নিপুণের অভিযোগের বিষয়ে নির্বাচনী আপিল বোর্ডকে সিদ্ধান্ত নিতে সমাজসেবা অধিদপ্তর যে চিঠি দেয় তার কার্যকারিতাও স্থগিত করেন আদালত। গত ৮ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ। হাইকোর্ট আদেশ স্থগিত করে ৯ ফেব্রুয়ারি আদেশ দেন আপিল বিভাগের চেম্বার কোর্ট।

গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুন এফডিসিতে ফলাফল ঘোষণা করেন। তাতে গত দুই মেয়াদে শিল্পী সমিতির সভাপতি থাকা মিশা সওদাগরকে ৪৩ ভোটে হারিয়ে এবার সভাপতি হন ইলিয়াস কাঞ্চন। আর সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হারেন ইলিয়াস কাঞ্চনের প্যানেলের প্রার্থী নিপুণ আক্তার।

তবে, অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগ এনে নির্বাচনী আপিল বোর্ডে জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর পদ বাতিলের আবেদন করেন নিপুণ। সে আবেদনের বিষয়ে নির্বাচনী আপিল বোর্ডকে সিদ্ধান্ত নিতে সমাজসেবা অধিদপ্তর চিঠি দেয়। এরপর জায়েদ খান ও চুন্নুর বিষয়ে বৈঠকে বসে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী আপিল বোর্ড।

বৈঠক শেষে বোর্ডের প্রধান চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান জায়েদের প্রার্থিতা বাতিল এবং সাধারণ সম্পাদক পদে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। পরদিন ইলিয়াস কাঞ্চন ও নিপুন পরিষদের বিজয়ীরা শপথ নেন। বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জায়েদ খান।

আরও পড়ুন:

এবার বড়পর্দায় শক্তিমান, কাকে দেখা যাবে সুপারহিরোর চরিত্রে?

রিয়াজের জন্য সহ-সভাপতির পদ ছাড়তে চান রুবেল





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর