আন্তর্জাতিক ডেস্ক
রুশ প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত দেশটির বিরোধীদলের নেতা আলেক্সি নাভালনির নতুন করে আরও ৯ বছর কারাদণ্ড হয়েছে। সেইসঙ্গে তার দুই আইনজীবীকেও গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ মার্চ) প্রতারণা এবং আদালত অবমাননার অভিযোগে নাভালনিকে দোষী সাব্যস্ত করে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পরপরই নাভালনির দুই আইনজীবী পুলিশের হাতে গ্রেফতার হন।
বর্তমানে নাভালনি পূর্ব মস্কোর একটি কারাগারে বন্দি আছেন। প্যারলে মুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে আড়াই বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি।
রায় ঘোষণার পর টুইটারে নাভালনি লেখেন, প্রতারক-চোর পুতিনের শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
২০২০ সালে সার্বিয়ায় নাভালনিকে বিষাক্ত রাসায়নিক প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে জার্মানি নেওয়া হয়। জার্মানিতে দীর্ঘ চিকিৎসা শেষে ২০২১ সালে দেশে ফিরলে বিমানবন্দরেই গ্রেফতার হন।
নাভালনির অভিযোগ, পুতিনের নির্দেশেই তাকে বিষ প্রয়োগ করা হয়েছে। অন্যদিকে, ক্রেমলিন বলেছে, নাভালনিকে যে বিষ প্রয়োগ করা হয়েছিল তার কোনো প্রমাণ নেই। যদি সত্যিই বিষ দেওয়া হয়েও থাকে, তাতে রুশ সরকারের কোনো ভূমিকা নেই।
রুশ কর্তৃপক্ষ মনে করে, পশ্চিমারা নাভালনিকে দিয়ে রাশিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
নাভালনির অনেক মিত্র বিধিনিষেধ বা কারাদণ্ড এড়াতে রাশিয়া ছেড়ে নির্বাসিত জীবন বেছে নিলেও সব ঝুঁকি মাথায় নিয়ে তিনি দেশে ফিরে অসুস্থ শরীরে কারাগারে রয়েছেন।
সারাবাংলা/একেএম