আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার প্রেসিডেন্টকে ‘কসাই’ আখ্যায়িত করে বাইডেন বলেন, ‘তিনি ক্ষমতায় থাকতে পারবেন না।’
শনিবার (২৬ মার্চ) পোল্যান্ড সফরকালে দেওয়া এক ভাষণে এসব মন্তব্য করেন বাইডেন। এদিন ওয়ারশর রয়্যাল ক্যাসেল থেকে দেওয়া ভাষণে বাইডেন রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেন, ‘ন্যাটোর সীমানায় এক ইঞ্চিও এগিয়ে যাওয়ার কথা ভাববেন না।’
বক্তব্যের শেষ পর্যায়ে বাইডেন বলেন, ‘ইউক্রেনে রাশিয়া কখনই জয় পাবে না। ঈশ্বরের দোহাই, এই লোক (পুতিন) আর ক্ষমতায় থাকতে পারবে না।’
পরে অবশ্য মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে হোয়াইট হাউজ। এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ায় ক্ষমতা পরিবর্তন চাইছেন না।
এদিকে জো বাইডেনের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন রুশ ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘পুতিনের ক্ষমতায় থাকা বা না থাকার ব্যাপারে জো বাইডেন সিদ্ধান্ত নেন না। রাশিয়ার প্রেসিডেন্টকে রুশ নাগরিকরাই নির্বাচিত করে।’
সারাবাংলা/আইই