শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

এইচএসসির ফল প্রকাশ ১১-১২ ফেব্রুয়ারির মধ্যে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
এইচএসসির ফল প্রকাশ ১১-১২ ফেব্রুয়ারির মধ্যে


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১১ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হতে পারে। ১২ জানুয়ারি ফল প্রকাশের জন্য আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে সম্ভাব্য সময় উল্লেখ করে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দেবেন সেদিন ফল প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

রোববার (১৫ জানুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সারাবাংলাকে বলেন, ‘রীতি অনুযায়ী পাবলিক পরীক্ষা শেষে পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়ে থাকে। সেটিকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। এ সময়ের মধ্যে ফল প্রকাশ করতে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এই প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।’

তিনি বলেন, ‘এইচএসসি এর সমমানের পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। ফল প্রকাশের পরবর্তী প্রস্তুতি শুরু হয়েছে। ফল প্রকাশে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে সম্ভাব্য সময় উল্লেখ করে প্রস্তাব পাঠানো হয়েছে।’

সেই প্রস্তাবে আগামী ১১ অথবা ১২ ফেব্রুয়ারি উল্লেখ করা হয়েছে— উল্লেখ করেন তপন কুমার সরকার।

তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একজন সদস্য জানান, প্রথমে যে প্রস্তাবনা পাঠানো হয় সেখানে সম্ভাব্য তারিখ হিসেবে ৮ থেকে ১০ ফেব্রুয়ারির কথা উল্লেখ করা হয়েছিল। তবে সেটি মন্ত্রণালয় থেকে ফিরিয়ে দেওয়া হয়।

তিনি বলেন, ‘গত বছরের ২ ডিসেম্বর শুরু ৩০ ডিসেম্বর পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা চলে। পরবর্তী সাত দিন ব্যবহারিক পরীক্ষা আয়োজন করা হয়। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ৬০ দিন সময়সীমা পূর্ণ হবে। ১০ ফেব্রুয়ারি শুক্রবার হওয়ায় এ ফল আগামী ১১ থেকে ১২ ফেব্রুয়ারি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।’

বোর্ড সূত্রে জানা গেছে, মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হবে প্রধানমন্ত্রীর দফতরে। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দিবেন সেদিন ফল প্রকাশ করা হবে। এদিন সকাল ১০টা মধ্যে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকরা প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন। এরপর দুপুরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে এ পরীক্ষার ফলের বিস্তারিত তুলে ধরবেন। এদিন দুপুর ১২টা থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ও মোবাইল ফোনে এসএমএস করে ফল জানা যাবে।

উল্লেখ্য, এ বছর ১২ লাখ ৩ হাজার ৪০৭ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ছয় লাখ ২২ হাজার ৭৯৬ ছাত্র এবং পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ ছাত্রী। সারাদেশে দুই হাজার ৬৪৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা আয়োজন করা হয়। মোট ১১টি শিক্ষাবোর্ডের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ৯ লাখ ৮৫ হাজার ৭১৩ জন। এর মধ্যে ছাত্র পাঁচ লাখ ৮২ হাজার ১৮৩ এবং ছাত্রী পাঁচ লাখ তিন হাজার ৫৩০।

এছাড়াও মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় দুই হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিপরীতে ৪৪৮টি কেন্দ্র মোট পরীক্ষার্থী ৯৪ হাজার ৭৬৩। এর মধ্যে ৫১ হাজার ৬৯৫ ছাত্র এবং ৪৩ হাজার ৬৮ ছাত্রী। এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা এক লাখ ২২ হাজার ৯৩১ জন। এর মধ্যে ৮৮ হাজার ৯১৮ ছাত্র এবং ৩৪ হাজার ১৩ ছাত্রী এ পরীক্ষায় অংশ নেন।

সারাবাংলা/এসবি/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর