নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকটির ৮০০ কোটি টাকার আনসিকিউর্ড, কন্টিজেন্ট-কনভার্টেবল, ফুল্লি পেইড আপ, নন-কিউমিলেটিভ, ব্যাসেল-III কমপ্লেইন্ট দ্বিতীয় পারপেচ্যুয়াল বন্ড অনুমোদন করেছে বিএসইসি।
রোববার (৫ সেপ্টেম্বর) বিএসইসির নিয়মিত কমিশন সভায় ব্যাংকটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়।
বিএসইসি সূত্র জানায়, বন্ডটির ৭২০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং অবশিষ্ট ৮০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ডটি আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের অনুকুলে ইস্যু করা হবে। এই বন্ড ইস্যুর মাধ্যমে ইসলামী ব্যাংকের এডিশনাল টায়ার-I মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।
এই বন্ডের ট্রাস্টি এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৬১০ কোটি টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৪ হাজার ৬৫০ কোটি ৯৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮। এর মধ্যে ৫১ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ৮১ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে ২০ দশমিক ৩৬ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২১ দশমিক ৫১ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।






