খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা নির্বাচন অফিসে বিএনপি নেতাকর্মীদের হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ডেটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেন এবং স্ক্যানিং অপারেটর সুমন আহত হন।
নির্বাচন অফিস সূত্র জানায়, সকালে হঠাৎ করে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩০–৪০ জন নেতাকর্মী উপজেলা নির্বাচন অফিসে ঢুকে নির্বাচন কর্মকর্তার ওপর হামলা চালায়। এসময় অফিসের আরও দুই কর্মীকেও মারধর করা হয়। হামলাকারীরা গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে ফেলে এবং অফিসের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।
সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু রায়হান বলেন,
“উপজেলা নির্বাচন অফিসারসহ তিনজন আহত হয়েছেন। সম্প্রতি অফিসের কিছু দালাল চক্র সুবিধা করতে না পেরে এমন হামলা চালাতে পারে।”
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন,
“সরকারি অফিসে হামলা ও কর্মকর্তাদের ওপর আঘাতের ঘটনায় মামলা করা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজি লিয়াকত দাবি করেন,
“নির্বাচন কর্মকর্তা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত। এসব অভিযোগ নিয়ে ভুক্তভোগীদের সঙ্গে অফিসে গেলে তিনি আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।”
এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন,
“সরকারি অফিসে ভাঙচুর করা দণ্ডনীয় অপরাধ। নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে লিখিতভাবে জানানো যেত।”
ঘটনার পর এলাকা কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।