বরিশাল প্রতিনিধি:
বরিশাল মহানগরীর ২৩ নং ওয়ার্ডের ইসলাম পাড়ায় চরম দুঃশাসন ও সুদের ফাঁদে জর্জরিত হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ—স্থানীয় বাসিন্দা নুপুর বেগম (৩০), পিতা সাঈদ হাওলাদার, মাতা নিলু বেগম, দীর্ঘদিন ধরে এলাকায় চরাসুদের ব্যবসা চালিয়ে আসছেন।
অভিযোগ অনুযায়ী, আর্থিক সংকটে পড়া অসহায় মানুষদের নুপুর বেগম চেক ও স্ট্যাম্পের বিনিময়ে উচ্চ সুদে টাকা ধার দেন। কিন্তু নির্ধারিত সময়ে সুদের টাকা পরিশোধে সামান্য বিলম্ব হলেই তিনি ওই চেক ও স্ট্যাম্প ব্যবহার করে আইনি নোটিশ ও মামলা দায়ের করেন। এতে দরিদ্র ঋণগ্রহীতারা আরো বিপাকে পড়ে যাচ্ছেন।
এলাকাবাসীর দাবি, নুপুর বেগমের সঙ্গে স্থানীয় ক্ষমতাসীন দলের কিছু প্রভাবশালী ব্যক্তির সম্পর্ক রয়েছে, যার ফলে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। তার প্রভাব-প্রতিপত্তির কারণে সাধারণ মানুষ চরমভাবে আতঙ্কে দিন কাটাচ্ছে।
একজন ভুক্তভোগী জানান,
“আমরা টাকার অভাবে তার কাছ থেকে ধার নিই, কিন্তু সুদের টাকা দিতে একটু দেরি হলেই তিনি মামলা করে দেন। এখন আমরা ঘরছাড়া হওয়ার ভয়ে আছি।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন, যেন সাধারণ মানুষ সুদের এই শোষণ থেকে মুক্তি পায়।