ঢাবি করেসপন্ডেন্ট
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফের সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হলে তাদের ধাওয়া দেয় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীরা।
ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ছাত্রদল নেতাকর্মীরা হাইকোর্টের ভেতরে ঢুকে যায়। ছাত্রলীগ-ছাত্রদল উভয় পক্ষের হাতেই লাঠিসোটা দেখা যায়। এসময় হাইকোর্ট এলাকায় এক ছাত্রদল কর্মীকে বেধড়ক পিটিয়ে অজ্ঞান করে ফেলে রাখতে দেখা যায়। এক পর্যায়ে, সাংবাদিক ও ছাত্রলীগের কয়েকজন সিনিয়র নেতার হস্তক্ষপে পেটানো বন্ধ করেন ছাত্রলীগ কর্মীরা। পরে আহত ছাত্রদলের ওই কর্মীকে রিকশায় তুলে দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ পাঠানো হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ছাত্রলীগ নেতাকর্মীরা হাইকোর্ট গেইটের সামনে অবস্থান নিয়েছেন। থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।
প্রসঙ্গত, দলীয় নেত্রী খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কটূক্তি’ করেছেন এবং ‘হত্যার হুমকি’ দিয়েছেন—এমন অভিযোগে গত কয়েকদিন ধরে মিছিল-সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। গত সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুমুল সংঘর্ষ বাঁধে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মাঝে। এতে প্রায় পঞ্চাশজনের বেশি নেতাকর্মী আহত হন। ওই ঘটনায় প্রায় ৪০০ জন অজ্ঞাতের বিরুদ্ধে বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সারাবাংলা/আরআইআর/এসএসএ