আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ১২ ঘণ্টার সফরে চীনে পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ। সফররত জার্মান চ্যান্সেলরের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেছেন। শুক্রবার (৪ নভেম্বর) বেইজিংয়ে বৈঠক করেন দুই নেতা। শোলৎজ বিদায়ী চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গেও সাক্ষাৎ করছেন।
শুক্রবার সকালে জার্মান চ্যান্সেলরের বিমান বেইজিং-এ অবতরণ করার পর বিমানের মধ্যেই সফররতদের করোনা পরীক্ষা করা হয়। পরে জার্মান চ্যান্সেলরকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চীন সফর করছেন জার্মান চ্যান্সেলর। সফরে তিনি উচ্চ পর্যায়ের একটি জার্মান ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
শুক্রবার বেইজিং-এ জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সঙ্গে সাক্ষাতের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ‘পরিবর্তন ও বিশৃঙ্খলার এই সময়ে চীন ও জার্মানির মধ্যে আরও বেশি সহযোগিতার প্রয়োজন। তিনি জানান, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে মতপার্থক্য সরিয়ে রেখে দুই দেশের সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা উচিত।
চীনে ওলাফ শোলৎজের এই সফরে জার্মানির ভেতর ও বাইরে বিতর্কের জন্ম দিয়েছে। সম্প্রতি চীনের উপর থেকে অর্থনৈতিক নির্ভরশীলতা কমাতে চাইছে উন্নত অর্থনীতির জোট জি-সেভেন। এছাড়া তাইওয়ান ইস্যু এবং জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলিম উইগুর সম্প্রদায়ের উপর নিপীড়নের মতো বিষয়গুলো নিয়ে পশ্চিমের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে বেইজিংয়ের।
তবে ওলাফ শোলৎজ তার সফরের ব্যাপারে বলেছেন, মহামারির পর চীনের সঙ্গে সরাসরি আলোচনা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চীন সফরে পশ্চিমের উদ্বেগগুলো নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন শোলৎজ।
সারাবাংলা/আইই