আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ায় বিশৃঙ্খল পরিস্থিতি থেকে সুবিধা পেতে পারে ইউক্রেন। কিয়েভ কর্মকর্তারা সংবাদমাধ্যমে একথা জানাচ্ছেন। তবে রাশিয়ার অভ্যন্তরীণ সংকট থেকে ইউক্রেন কিভাবে সামরিক সুবিধা আদায় করে নিতে পারে তা প্রেসিডেন্ট জেলেনস্কির সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে মনে করেন তারা।
শনিবার রাতে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কটাক্ষ করে বলেন, আজ বিশ্ব দেখল যে, রাশিয়ার প্রভুরা কিছুই নিয়ন্ত্রণ করেন না। সেখানে সম্পূর্ণ বিশৃঙ্খলা বিরাজ করছে। এসময় তিনি ইউক্রেনের মিত্রদের এই মুহূর্তটি ব্যবহার করতে কিয়েভে আরও অস্ত্র পাঠানোর অনুরোধ করেছিলেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে মস্কোর সামরিক নেতৃত্বের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ডাক দেন ওয়াগনার প্রধান ইভজেনি প্রিগোজিন। তার বাহিনীর উপর রাশিয়ার সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন অভিযোগ অস্বীকার করেছে। শুক্রবার রাত থেকে শনিবার দিনভর মস্কো অভিমুখে অভিযান অব্যাহত রাখে ওয়াগনার সেনারা। পরে সন্ধ্যায় বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় মস্কো অভিমুখে অভিযান বাতিল করে তারা।
গত ২৩ বছর ধরে শক্তহাতে রাশিয়ার নেতৃত্ব সামাল দিচ্ছেন ভ্লাদিমির পুতিন। এই দীর্ঘ সময়ে দৃশ্যত এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হননি তিনি। ওয়াগনার গ্রুপ ইউক্রেনের রণক্ষেত্র থেকে সরে আসায় সেখানে রাশিয়া অনেকটাই দুর্বল হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।
শনিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবাকে উদ্ধৃত করে রাষ্ট্রচালিত ইউক্রিনফর্ম নিউজ এজেন্সি জানিয়েছে, শত্রু লাইনের পেছনে যে কোনো বিশৃঙ্খলা আমাদের স্বার্থে কাজ করে। পুতিন প্রিগোজিনের কর্মকাণ্ডকে রাশিয়ার প্রতি আঘাত বলে অভিহিত করা হয়েছে।
শনিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবাকে উদ্ধৃত করে রাষ্ট্রচালিত ইউক্রিনফর্ম নিউজ এজেন্সি জানিয়েছে, শত্রু লাইনের পেছনে যে কোনো বিশৃঙ্খলা আমাদের স্বার্থে কাজ করে। পুতিন প্রিগোজিনের কর্মকাণ্ডকে রাশিয়ার প্রতি আঘাত বলে অভিহিত করা হয়েছে।
দিমিত্রো কুলেবা শনিবার রাশিয়া পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে একটি ফোনালাপ করেন। এসময় তিনি জানান, ইউক্রেনের পাল্টা আক্রমণ পরিকল্পনা অনুযায়ীই চলছে। তিনি যুদ্ধে সুবিধা আদায় করে নিতে ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার আহ্বান জানান।
সারাবাংলা/আইই