আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার রাজধানী মস্কোর একটি ভবনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শহরের ব্যবসায়ীক এলাকায় এক্সপো সেন্টারে ইউক্রেনীয় ড্রোনটি আঘাত হানে।
রাশিয়ার রাজধানীতে গত কয়েক দিনে সিরিজ ড্রোন হামলা চলছে। তবে বেশিরভাগ ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হচ্ছে বলে দাবি মস্কোর।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে মস্কোর আকাশে ঘন ধূসর ধোঁয়া উঠছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, স্থানীয় সময় ভোর চারটায় এ হামলাটি ঘটে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে কিয়েভের কর্মকর্তারা কখনোই আনুষ্ঠানিকভাবে মস্কোর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা স্বীকার করেননি।
সারাবাংলা/আইই