আন্তর্জাতিক ডেস্ক
পোল্যান্ডের নাগরিকদের আর কখনও অপমান না করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, আমি প্রেসিডেন্ট জেলেনেস্কিকে বলতে চাই, আপনি জাতিসংঘে দেওয়া বক্তৃতায় যেভাবে পোলিশদের অপমান করেছেন, তা আর কখনও করবেন না।
ইউক্রেনীয় শস্য আমদানি ও ইউরোপীয় ইউনিয়নের বাজারে সরবরাহ ইস্যুতে কিয়েভের সঙ্গে উত্তপ্ত বিরোধের মধ্যে এমন মন্তব্য করেছেন মাতেউস মোরাউইকি।
ইউক্রেনীয় শস্য পোল্যান্ড এবং অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর অভ্যন্তরীণ বাজারে সরবরাহ প্রসঙ্গে কিয়েভ ও ওয়ারশোর মধ্যে বিতর্ক চলছে। এতে দুই প্রতিবেশীর সম্পর্কের অবনতি হয়েছে। গত বছর রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার পর থেকে কিয়েভ এবং ওয়ারশর মধ্যে নিবিড় সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে। দুই দেশের নেতারাই একে অন্যের বিরুদ্ধে বাগযুদ্ধে নেমেছেন।
পোলিশ নেতারা ইউক্রেনকে সাহায্যকারীকে আঘাত করা ডুবন্ত ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেন থেকে খাদ্যপণ্য রফতানির উপর নিষেধাজ্ঞা বাড়ানোরও হুমকি দিয়েছে পোল্যান্ড।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পোল্যান্ডের এমন আচরণে রাশিয়া লাভবান হচ্ছে বলে বক্তব্য দিয়েছেন।
এর আগে, গত বুধবার স্থানীয় গণমাধ্যমে পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছিলেন, তার দেশ ইউক্রেনে আর অস্ত্র পাঠাবে না। তিনি বলেন, আমরা আর ইউক্রেনে অস্ত্র হস্তান্তর করছি না, কারণ আমরা এখন পোল্যান্ডকে আরও আধুনিক অস্ত্র দিয়ে সশস্ত্র করছি।
সারাবাংলা/আইই