আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের সিন্ধু প্রদেশে একটি প্রত্যন্ত গ্রামে রকেট লঞ্চারের শেল বিস্ফোরণে চার শিশুসহ নয়জন নিহত হয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) একটি পরিত্যক্ত শেল বিস্ফোরণে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় পুলিশ জানিয়েছে, কাশমোর জেলার কান্ধকোট তাহসিলের মেহওয়াল শাহ এলাকায় একটি বাড়িতে রকেট লঞ্চারটি বিস্ফোরিত হয়। এতে চার শিশুসহ ৯ জন মারা গেছেন। এক নারী আহত হয়েছেন।
তবে আঞ্চলিক পুলিশ প্রধান রাহিল খোসো বলেছেন, দক্ষিণ সিন্ধু প্রদেশে বিস্ফোরণে অন্তত দুইজন আহত হয়েছেন। তিনি আরও বলেন, আহত নারীকে কান্ধকোট থেকে লারকানা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ কান্ধকোট সিভিল হাসপাতালে আনা হয়েছে।
তদন্তকারীরা মনে করছেন, পরিবারের সদস্যরা অবিস্ফোরিত শেলটি পাশের একটি খোলা খামারের মাঠে খুঁজে পাওয়ার পরে বাড়িতে নিয়ে যায়।
উল্লেখ্য, পাকিস্তানে এ ধরনের ঘটনা প্রায় ঘটে থাকে। রকেট লঞ্চারের অবিস্ফোরিত শেল সংগ্রহ করে অনেকে ভাঙার চেষ্টা করেন। এ সময় প্রায়ই বিস্ফোরণ ঘটে।
সারাবাংলা/আইই