আন্তর্জাতিক ডেস্ক
ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা গাজায় অভিযানের সময় ভুলে তিন ইসরাইলি জিম্মিকে হত্যা করেছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) অভিযানের সময় ওই তিন জিম্মিকে হুমকি হিসেবে ভুলভাবে চিহ্নিত করা হয়েছিল।
তাদের নাম ইয়োতাম হাইম (২৮), সামের তালালকা (২২) এবং অ্যালন শামরিজ (২৬)। সামরিক বাহিনী এ ব্যাপারে অনুশোচনা প্রকাশ করেছে এবং বলেছে যে, গাজার উত্তরে শেজাইয়াতে কর্মরত সৈন্যরা তিনজনকে গুলি করেছে।
ইসরাইলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, শুক্রবারের ঘটনাটির তদন্তাধীন চলছে। এই মর্মান্তিক ঘটনার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করে আইডিএফ এবং পরিবারগুলোকে আন্তরিক সমবেদনা জানায়।
বিবৃতিতে বলা হয়,আমাদের জাতীয় লক্ষ্য হলো নিখোঁজদের শনাক্ত করা এবং সকল জিম্মিকে বাড়িতে ফিরিয়ে আনা।
আইডিএফ-এর ঘোষণার পর শত শত মানুষ ইসরাইলের রাজধানী তেল আবিবে জড়ো হয় এবং শহরের একটি আইডিএফ সামরিক ঘাঁটির দিকে মিছিল করে। তারা বাকি জিম্মিদের মুক্তির জন্য হামাসের সঙ্গে একটি চুক্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।
গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওইদিন প্রায় আড়াইশ ইসরাইলিকে জিম্মি করে সংগঠনটি। পরে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল। গাজা উপত্যকা থেকে হামাসকে নিশ্চিহ্ন করতে ব্যাপক পরিসরে ইসরাইলি অভিযান চলছে। এর মধ্যে ৭ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে প্রায় দেড়শ ইসরাইলিকে মুক্তি দিয়েছে হামাস। তবে এখনও প্রায় ১০০ ইসরাইলি হামাসের হাতে জিম্মি।
সারাবাংলা/আইই