সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শ্রীবরদীতে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে বসতবাড়ি থেকে অবৈধভাবে মজুদকৃত সার জব্দ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৪২ সময় দেখুন
শ্রীবরদীতে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে বসতবাড়ি থেকে অবৈধভাবে মজুদকৃত সার জব্দ

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ১০৬ বস্তা (ডিএপি ৬৬ বস্তা ও এমওপি ৪০ বস্তা) সার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে মোশাররফ হোসেন বাবু নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে সারগুলো জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী ও রানীশিমুল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুজাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা অফিস সূত্রে জানা যায়, ডিলারদের কাছ থেকে সরকারি সারগুলো সংগ্রহ করে বাড়িতে মজুদ করেন মোশাররফ হোসেন বাবু। মূলত কৃষকদের কাছে বেশি দামে বিক্রির উদ্দেশ্যেই সারগুলো মজুদ করা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সার মজুদের খবর পেয়ে এই অভিযানটি পরিচালনা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। অবৈধভাবে সার মজুদের ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধভাবে মজুদ করা ১০৬ বস্তা সার জব্দ করে উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে ।’

তিনি আরও বলেন, ‘কৃষকদের স্বার্থে এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর